বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীকে অপহরণ; এক ভুয়া পুলিশ আটক
নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে আতিকুল নামের এক বিকাশ কর্মীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালাতে গেলে অপহরণকারী দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ভুয়া পুলিশ সালেহ আহমেদ কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আতিকুল বনপাড়া বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌছালে সেখানে দাঁড়িয়ে থাকা সাদা হাইএচ গাড়ী থেকে নেমে কয়েকজন তাকে পথরোধ করে এবং পুলিশ পরিচয়ে আটক করে। আরেক বিকাশ সহকর্মী আটকের কারণ জানতে চাইলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং থানায় আসতে বলে চলে যায়। এসময় অপহরণকারী দলের এক সদস্য আতিকুলের মোটরসাইকেল নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অপহরণকারীদের মধ্যে একজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































